সাইনোসাইটিস আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি রোগ। মানুষের মাথার খুলির হাড়ের ভেতরে কিছু বাতাসপূর্ণ গহ্বর থাকে যাকে সাইনাস বলা হয়। যখন এই গহ্বরগুলোতে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখন তাকে সাইনোসাইটিস বলে। অনেক রোগী একে সাধারণ সর্দি মনে করে মাসের পর মাস ভুল চিকিৎসা করেন।
লক্ষণ ও প্রকারভেদ: সাইনোসাইটিস মূলত দুই ধরণের— একিউট (স্বল্পমেয়াদী) এবং ক্রনিক (দীর্ঘমেয়াদী)। যদি আপনার গালের হাড়, কপাল বা চোখের চারপাশে প্রচণ্ড চাপ ও ব্যথা অনুভব হয়, নাক দিয়ে ঘন হলুদাভ পুঁজ বের হয় এবং ঘ্রাণশক্তি কমে যায়, তবে এটি সাইনোসাইটিসের লক্ষণ। অনেক সময় মাথা নিচু করলে ব্যথা বেড়ে যায়।
চিকিৎসা ও সমাধান: আমরা শুরুতে মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধের মাধ্যমে (অ্যান্টিবায়োটিক, নেজাল স্টেরয়েড) এটি নিরাময়ের চেষ্টা করি। কিন্তু যদি হাড় বাঁকা বা নাকের ভেতরে মাংস বৃদ্ধি (Polyps) থাকে, তবে ওষুধের চেয়ে আধুনিক এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি (FESS) বেশি কার্যকর। এটি কোনো কাটাছেঁড়া ছাড়াই নাকের ভেতর দিয়ে ক্যামেরার সাহায্যে করা হয়। অবহেলা করলে এই ইনফেকশন চোখে বা মস্তিষ্কেও ছড়িয়ে যেতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত সিটি স্ক্যান (CT Scan) করে নিশ্চিত হওয়া জরুরি।
